
সংগীতের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের জীবন এবার উঠে আসছে বড় পর্দায়।আর ডি বর্মণ নামে পরিচিত এই কালজয়ী শিল্পীর জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক নীরাজ পাণ্ডে।
আর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পে আর ডি বর্মণের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা, নির্মাতা ও সংগীতশিল্পী ফারহান আখতার।এম এস ধোনি,দি আনটোল্ড স্টোরি নির্মাণের মাধ্যমে প্রশংসিত নীরাজ পাণ্ডে এবার ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনগাথা তুলে ধরতে চান। নির্মাতাদের লক্ষ্য শুধু একজন সফল সুরকারের গল্প বলা নয়, বরং তার সৃষ্টিশীলতা, সংগীতচিন্তা এবং ভারতীয় চলচ্চিত্রসংগীতে তার বৈপ্লবিক অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। খবরে বলা হয়েছে, চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেবেন ফারহান আখতার।আর ডি বর্মণের হাঁটার ভঙ্গি, কথা বলার ধরণ, মঞ্চে উপস্থিতির স্বকীয়তা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহারের কৌশল রপ্ত করতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন তিনি। প্রয়োজন হলে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিজের শারীরিক গঠনেও পরিবর্তন আনবেন অভিনেতা ফারহান আখতার।সিনেমাটির সংগীত নিয়েও বিশেষ পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতোমধ্যে আর ডি বর্মণের একাধিক জনপ্রিয় গানের স্বত্ব সংগ্রহ করা হয়েছে।গল্পের প্রয়োজন অনুযায়ী সেসব গান নতুনভাবে উপস্থাপনের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।এই বায়োপিকে শুধু তাঁর সংগীতজীবনের সাফল্যই নয়, ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়ও তুলে ধরা হবে।
প্রেম, সংগ্রাম, একাকিত্ব, সৃষ্টিশীলতার উত্থান-পতন এবং ভারতীয় সংগীতে তাঁর যুগান্তকারী অবদানের নানা দিক সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকেই ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে এই প্রকল্পের পাশাপাশি ফারহান আখতার আরও একটি আন্তর্জাতিক বায়োপিকে যুক্ত হয়েছেন।অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডিস নির্মিত,দ্য বিটলস–ভিত্তিক চলচ্চিত্রে তিনি কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে অভিনয় করবেন।
