
ডায়মন্ড হারবার এবং মগরাহাটের ১৫টি বুথে সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে। পুনর্নির্বাচনেও তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। মগরাহাট পশ্চিমের একটি বুথের সামনে সকাল ৬টা ১৫ মিনিট থেকে লাইন দিয়েছেন ভোটারেরা। তাঁদের দাবি, এই ওয়ার্ড শান্তিপূর্ণ। কখনও কোনও ঝামেলা হয় না। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানেরা টহল দিচ্ছেন।শনিবার সকাল থেকে পুনর্নির্বাচনে মোটের উপর শান্তিপূর্ণ পরিস্থিতি।
দু’দিন আগে যে ভোট দিয়েছেন, তা বাতিল হয়ে গিয়েছে। ভোটারেরা জানাচ্ছেন, বিএলও বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার রাতেই তাঁদের খবর দিয়েছেন, ফের ভোট হবে। তবে ভোট দিতে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।




