
যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সেনাবাহিনী। সেনা দিবসে এমনই বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার মহারাষ্ট্রের পুণেতে ৭৭-তম সেনা দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান বলেছেন, বর্তমানে দেশ একটি নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং একটি বিকশিত ভারতের লক্ষ্যের দিকে মসৃণভাবে অগ্রসর হচ্ছে।
দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ প্রয়োজন, এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আত্মবিশ্বাসী যে, ভারতীয় সেনাবাহিনী একটি আধুনিক, কর্মদক্ষ, প্রযুক্তি সক্ষম এবং ভবিষ্যৎ-প্রস্তুত বাহিনীতে পরিণত করতে অগ্রগতির পথে এগিয়ে যাবে।
সেনাপ্রধানের কথায়, উত্তর সীমান্তের পরিস্থিতি স্পর্শকাতর হলেও স্থিতিশীল।ভারতীয় সেনাবাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সক্ষম।নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি বজায় রয়েছে।তবে অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।








