
সাম্প্রতিক সামরিক সংঘর্ষ সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে শান্তি আলোচনায় যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।শাহবাজ শরিফ জোর দিয়ে বলেছেন, কাশ্মীর সমস্যা সমাধান স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর দু’ দেশের মধ্যে তীব্র উত্তেজনার পর তার এই বক্তব্য সামনে এসেছে।
প্রধানমন্ত্রী শেহবাজ ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসার ইচ্ছার কথা বলেন।যদিও দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর উত্তেজনা চরমে রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কামরা বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ বলেছেন, শান্তির জন্য ভারতের সঙ্গে কথা বলতে তৈরি। উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং বিমানবাহিনী প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিধুসহ শীর্ষস্থানীয় নেতা এবং সামরিক কর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
সেখানে তিনি ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে জড়িত অফিসার এবং সেনাদের সঙ্গে দেখা করেন।তবে শাহবাজ শরিফ পুনর্ব্যক্ত করেছেন যে,শান্তির শর্তগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী কাশ্মীর সমস্যার সমাধান অন্তর্ভুক্ত থাকতে হবে।কারণ ভারত সর্বদা বলে আসছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তার অবিচ্ছেদ্য অংশ।








