
লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর অবশেষে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। বিরতির আগে পরে একবার করে লক্ষ্যভেদ করে তারা সহজেই হারাল জিরোনাকে।
ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছে রিয়াল। ৪১ মিনিটে লুকা মদ্রিচের দূরপাল্লার চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রদ্রিগোর কর্নার প্রতিহত হওয়ার পর ডি-বক্সের অনেক বাইরে বল পেয়ে যান তিনি। বুক দিয়ে তা নামিয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ে নেন জোরাল শট।
হাওয়ায় ভাসা বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে এড়িয়ে জড়ায় জালে। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। পাল্টা আক্রমণে এমবাপ্পের পাসে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান তিনি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।









