
ক্লাব গুলোর আয়ের বড় একটি অংশ আসে টিকিট বিক্রি থেকে। সেখানেও অন্য ক্লাবগুলোর চেয়ে বেশ এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। গত সিজনে সবচেয়ে বেশি আয় করেছে দলটি। সম্প্রতি ইউয়েফা ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট প্রকাশ করেছে।সেখানে বলা হয়েছে, টিকিট বিক্রি করে রিয়াল ২০২৩/২৪ সিজনে আয় করেছে ১৫৩ মিলিয়ন পাউন্ড। দুইয়ে থাকা পিএসজির আয় ১৩৯ মিলিয়ন পাউন্ড।১২৭ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে আর্সেনাল আছে টিকেট বিক্রিতে ইউরোপের শীর্ষ তিনে।
৯৬ মিলিয়ন পাউন্ড আয়ে বার্সেলোনার অবস্থান সাত নম্বরে।ক্যাম্প ন্যুর সংস্কার চলায় বার্সেলোনা খেলছে এস্তাদিও অলম্পিকে। যার প্রভাব পড়েছে তাদের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত আয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতি ম্যাচে টিকিট বিক্রি করে গেল সিজনে রিয়াল আয় করেছে ৬.১ মিলিয়ন পাউন্ড। গড়ে সমর্থকদের একটি ম্যাচ দেখতে খরচ করতে হয়েছে কমপক্ষে ৮৪ পাউন্ড।দুইয়ে থাকা পিএসজির ঘরের মাঠে প্রতি ম্যাচ থেকে আয় ছয় মিলিয়ন আর তিনে থাকা আর্সেনালের আয় পাঁচ মিলিয়ন পাউন্ড।
খরচের ক্ষেত্রেও সবার ওপরেই অবস্থান রিয়ালের। ফুটবলারদের বেতন ছাড়া ক্লাবের কর্তা সহ নানা সব খাতে গত বছর রিয়াল খরচ করেছে ৩৬১ মিলিয়ন পাউন্ড। যেখানে দু’ নম্বরে আছে টটেনহাম হটস্পার। ইংলিশ ক্লাবটির বছরে ক্লাব পরিচালনা বাবদ খরচ করতে হয়েছে ২২২ মিলিয়ন পাউন্ড, তিন নম্বরে আছে বার্সেলোনা।









