
আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ হেডে ডেডলক খুললেন গন্সালো গার্সিয়া।এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
সমতায় ফিরতে মরিয়া জুভেন্টাসও হাল না ছেড়ে লড়ে গেল শেষ পর্যন্ত। কিন্তু পেল না সমতায় ফেরা গোলের দেখা। স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের মঞ্চে উঠল শাবি আলোন্সোর দল।ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।এই হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে চলতি আসরে প্রথম খেলতে নামলেন কিলিয়ান এমবাপে।জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। বলের নিয়ন্ত্রণে দু’ দল প্রায় সমানে-সমান। আক্রমণগুলো ধারালো না হলেও ম্যাচে প্রথম সুবর্ণ সুযোগটি পেয়েছিল জুভেন্টাসই।সপ্তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ ফ্লিকে কেনান ইলডিজকে বল বাড়িয়ে ছুটতে থাকেন কোলো মুয়ানি। সতীর্থের থ্রু পাস ধরে আন্টোনিও রুডিগারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও গিয়েছিলেন তিনি কিন্তু ফরাসি ফরোয়ার্ডের চিপ শট ক্রসবার ঘেঁষে উপরের জাল কাঁপায়। ২৪ মিনিটে অহেলিয়া চুয়ামেনি বক্সের বাইরে থেকে আচমকাই শট নেন, কিন্ত এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে দিয়ে যায়। সেই কর্নারও কাজে লাগাতে পারেনি রিয়াল। স্পেনের সফলতম দলটির সেরা সুযোগটি নষ্ট হয় ২৯ মিনিটে।ভালভের্দের আড়াআড়ি ক্রসে ছোট বক্সের ভেতর থেকে শটও নিয়েছিলেন জুড বেলিংহ্যাম, কিন্তু গোলরক্ষকের গায়ে লেগে বল বেরিয়ে যাওয়ার পর গোললাইনের একটু উপর থেকে ফেরান দানিয়েল রুগানি। কুলিং ব্রেকের পর ৩৭ মিনিটে আর্দা গিলেরের ক্রসে বক্সের ভেতর থেকে চুয়ামেনি মাথা ছোঁয়াতে ব্যর্থ, এরপর ডিন হাউসেন পা চালালেও বলের সাথে সংযোগ ঘটাতে পারেনি। তাতে আরেকটি ভালো সুযোগ নষ্ট হলেও ম্যাচে বাড়তে থাকে রিয়ালের আধিপত্য।
অতিরিক্ত সময়ে জুভেন্টাসের বক্সে বেশ চাপ দিতে থাকে রিয়াল। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি এই প্রতিযোগিতার ২০২২ সালের চ্যাম্পিয়নরা। প্রথম মিনিটে ভালভের্দের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন জুভেন্টাস গোলকিপার।
