
প্রবল চাপে থাকা রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর জন্য দুশ্চিন্তা যেন আরো বাড়ছেই। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচের আগে চোট ও নিষেধাজ্ঞায় নিয়মিত একাদশের অন্তত ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার আশঙ্কায় পড়েছেন তিনি।
অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে হাঁটুর চোটের পাশাপাশি হাতের একটি আঙুল ভাঙায় ফরাসি ফরোয়ার্ডের খেলা এখনো নিশ্চিত নয়।বলা হয়েছে, আলাভেসের বিপক্ষে এমবাপ্পের মাঠে নামার সম্ভাবনা খুবই কম। গত কয়েক দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি তিনি। তবে হাঁটুর অবস্থা উন্নত হলে দলের সঙ্গে ভ্রমণ করতে পারেন আসরের সর্বোচ্চ গোলদাতা।চোটের কারণে এই ম্যাচে রিয়াল পাবে না ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, দানি কার্ভাহাল, ডাভিড আলাবা, ফেরলঁ মেন্ডি ও এদের মিলিতাওকে।এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে আলাভেস ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস। ফলে সাতজন ডিফেন্ডারের অনুপস্থিতিতে একাদশ সাজাতে রিজার্ভ দলের খেলোয়াড়দের দিকেই তাকাতে হতে পারে আলোনসোকে।এখানেই শেষ নয় দুঃসংবাদ। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদে ভালভের্দে এবং ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও ডিন হাউসেনের খেলাও আলাভেসের বিপক্ষে অনিশ্চিত।লা লিগায় রোববারের এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে আলোনসোর দল।
অথচ লিগে শেষ পাঁচ ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি।এমন পরিস্থিতিতে চোট–নিষেধাজ্ঞার এই চাপ সামলে ফল পাওয়া আলোনসোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।




