
হারলেই শেষ ট্রফি দৌড়, এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।আর সেই চাপের ম্যাচেই জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়া গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার ট্রফি দৌড়ে টিকে থাকল লস ব্লাঙ্কোরা।ম্যাচটি ছিল ডু অর ডাই।হেরে গেলে ট্রফি নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার।
তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পান ভিনিসিয়ুস, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।২৫ মিনিটে ভিনিসিয়ুসকে ফাউল করার দায়ে ওমর এল হিলালিকে প্রথমে লাল কার্ড দেখান রেফারি।পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটি হলুদ কার্ডে নামিয়ে আনা হয়।প্রথমার্ধে গোল না এলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। ৫৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। এরপর জুড বেলিংহামের সঙ্গে অসাধারণ ওয়ান-টু খেলে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস।এই জয়ে ট্রফি লড়াইয়ে অন্তত আরো এক সপ্তাহ টিকে থাকল রিয়াল। তবে সবকিছু নির্ভর করছে আগামী সপ্তাহের মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর ওপর।
সেই ম্যাচে বার্সেলোনাকে হারাতে না পারলে ট্রফি হাতছাড়া হয়ে যাবে আরবেলোয়ার দলের।পরিসংখ্যান বলছে, এস্পানিওলের বিপক্ষে ভিনিসিয়ুস যেন এক আতঙ্কের নাম। শেষ সাত ম্যাচে তিনি সরাসরি অবদান রেখেছেন ৮টি গোলে। চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০।








