
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে উত্তপ্ত বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন ফেদেরিকো ভালভার্দে এবং অরিলিয়েঁ চুয়ামেনি।
ক্লাব সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক অনুশীলন সেশনের পর দুই ফুটবলারের মধ্যে তর্কাতর্কি চরমে পৌঁছায়। এ ঘটনায় আহত হন ভালভার্দে। মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরায় ভালভার্দেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।এমনকি কয়েকটি সেলাইও দিতে হয়েছে। পরে বিষয়টি ড্রেসিংরুম পর্যন্ত গড়ায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।ঘটনার পর দুই খেলোয়াড়ই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং নিজেদের আচরণের জন্য ক্ষমা চান। পাশাপাশি একে অপরের কাছেও দুঃখ প্রকাশ করেন তারা।তবে ঘটনাটি হালকাভাবে নেয়নি রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ। শাস্তি হিসেবে ভালভার্দে ও চুয়ামেনি,দুজনকেই ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে।যদিও ক্লাব আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা জারি করে নি। দুই ফুটবলার নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন বলেও জানা গেছে।এদিকে,সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অস্থিরতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং অভ্যন্তরীণ সমস্যার খবর স্প্যানিশ গণমাধ্যমে নিয়মিতই উঠে আসছে।
তবে সামনে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো থাকায় এই বিরোধ দ্রুত মিটে যাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্লাব সমর্থকরা। রোববার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার।








