রেকর্ড ঠান্ডা, ৫-র ঘরে দিল্লির পারদ, হলুদ সতর্কতা

0
78
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
হাড় কাঁপানো ঠান্ডার দাপটে জবুথবু দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। ভারতীয় মৌসম ভবনে-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।
মৌসম ভবনের মতে, চলতি মরশুমে দিল্লির শীতলতম দিন এটি। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে উত্তুরে হাওয়া আর ঘন কুয়াশার জোড়া ফলায় কাবু দিল্লিবাসীর এখন একমাত্র ভরসা রুম হিটার এবং গরম পোশাক।
আবহাওয়া দফতর দিল্লিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারত জুড়ে অব্যাহত থাকবে ঠান্ডার দাপট। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করতে পারে।