
এই বছর পুজোর মাসে আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে এমনই আশা দেখছেন রাজ্য সরকারি কর্মীরা।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অর্থমন্ত্রীকে বলেছেন পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে। মুখ্যমন্ত্রী বলেছেন, আইপিএস স্তরের নীচে যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ ডিএ পার্থক্য ছিল। এক দিনে পারবেন না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। পুলিশ কর্মচারীরাও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনেক রাজ্যে বেতন কাঠামো বেড়ে গেলেও, এ রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো বাড়ানো হয়নি বলে মন্তব্য করেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি আগামী কয়েক বছরে ১ লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। পুলিশ কর্মীদের রেশনের ভাতা ১৫০০ টাকা ছিল, আরও ৫০০ টাকা বাড়ানো হলো।
এই বরাদ্দ বেড়ে হলো ২ হাজার টাকা।এখানে এনআইএ-এর মতো এসআইএ গঠন করা হবে, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
