
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরেই সহকারী লোকো পাইলট নিয়োগের সংখ্যা তিন গুণ বাড়ানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনে সহকারী লোকো পাইলট নিয়োগের সংখ্যা তিন গুণ বাড়ানো হবে।
রেলওয়ে বোর্ডের একটি সার্কুলারে জানানো হয়েছে, পূর্বে পরিকল্পিত ৫ হাজার ৬৯৬ জনের পরিবর্তে ১৮ হাজার ৭৯৯ জন অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। অর্থাৎ ১৩ হাজার ১০৩ জন অতিরিক্ত লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।রেলের এক আধিকারিক বলেছেন, এই সিদ্ধান্ত রেলে দক্ষ কর্মীদের বাড়তি চাহিদা পূরণে এবং দেশের সর্বত্র কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের প্রতিশ্রুতি পালনেরই অঙ্গ।বোর্ড, জোনগুলিকে রেলওয়ে নিয়োগ বোর্ডের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। তারা জানিয়েছে যে, জোনাল রেলওয়ে থেকে অতিরিক্ত এএলপির চাহিদা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ভি বালাচন্দ্রন বলেছেন, তারা আগেই এএলপির শূন্যপদ বৃদ্ধির জন্য দাবি করেছিলেন।
