
ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। জামাইয়ের মনে হয়েছে শ্বশুর মশাইয়ের বেশি বেশি অন্যায় হয়েছে তাই সাক্ষী দিচ্ছে বলে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরি।
সম্প্রতি এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেছেন তিনি। সেই আবেদন মঞ্জুরও হয়েছে। জানা গিয়েছে চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করার আবেদন করেছিলেন কল্যাণময়। গোপন জবানবন্দি দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন তিনি। নিয়োগ মামলায় পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তছরুপ হয়েছে ওই চার্জশিটে তারই উল্লেখ করা হয়েছে। কল্যাণময় এই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত। তাঁকে একাধিকবার জেরা করে ইডি জানতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনদের নগদে টাকা দিতেন পার্থ। সেই টাকাই আবার ফিরে আসত তাঁর স্ত্রীর নামে তৈরি ট্রাস্টে। এভাবে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতির অন্যতম আঁতুড়ঘর হয়ে উঠেছিল। নিয়োগ মামলায় চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি।
নিয়োেগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ট্রাস্টের ডোনেশনের বিষয়টি ইডির কাছে ফাঁস করেন জামাই কল্যাণময়ই। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরি বলেছেন বাংলায় এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক সেটাই মানুষ চান।
