ভয়ংকর ধুলোঝড়ে লাল সতর্কতা দিল্লিতে

0
20
ছবি সৌজন্যে : এক্স

এবার দিল্লিতে দেখা দিল মরুঝড়। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঘণ্টায় ৯২ কিলোমিটার গতিবেগে ধুলোর ঝড় ওঠে রাজধানীতে। রাস্তায় কাজে বেরিয়ে বিপদে পড়েন দিল্লিবাসী। পরিস্থিতির ভয়াবহতার কারণে গোটা রাজধানী অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এক বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, গোটা দিল্লিজুড়ে ধুলোঝড় চলবে। এরপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গড়ে ঘণ্টায় ৭০-৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দুপুর আড়াইটে নাগাদ পালামে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৯২ কিলোমিটার। পরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারে নেমে আসবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের কারণ হিমালয় অঞ্চলে বর্তমানে প্রভাব বিস্তারকারী একটি পশ্চিমা ঝঞ্ঝা। মঙ্গলবার থেকে এর প্রভাব দুর্বল হয়ে পড়বে। ফলে বৃষ্টিপাত হবে না। এবং নতুন করে তাপমাত্রা আবারও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে বৃহত্তর দিল্লিজুড়ে। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।