মুম্বইয়ে প্রবল বর্ষণে লাল সতর্কতা

0
24
ছবি সৌজন্যে : এক্স
মৌসুমি বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী মুম্বই। তিন দিন একটানা বৃষ্টিতে জল জমতে শুরু করতেই ২০০৫-এর আতঙ্ক ফিরছে আমচি মুম্বইয়ে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ দিকে আবহাওয়া দফতর মুম্বই ও সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে কল্যাণ, ডোম্বিভলি, কারজাত এবং নেরাল-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে।  একটানা বর্ষণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শহরের নীচু এলাকাগুলিতে। ব্যাপক প্রভাব পড়েছে যান চলাচলেও। জল জমে যাওয়ায় আন্ধেরির গুরুত্বপূর্ণ আন্ডারপাস সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।
ফলে বহু যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এর ফলে মুম্বইয়ের একাধিক এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যা আরও বেড়েছে।