
রবিবার সকালেও কলকাতার আকাশ মেঘলা। থেকে থেকে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। মুষলধারে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। কলকাতাতেও মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে।
সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রবিবার প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, রবিবার এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের পাহা়ড়ঘেঁষা পাঁচ জেলাতেই। সোমবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বর্ষণ হতে পারে। কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
এ ছাড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রবিবারের জন্যেও। আগামী বৃহস্পতিবার নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
