
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে লিওনেল মেসির কাছে তাঁর জার্সি চেয়ে সাসপেন্ড হয়েছেন ম্যাচের রেফারি। তবে পরে জানা গেছে, ইন্টার মায়ামি তারকা মেসির জার্সি নয়, অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা।
কনফেডারেশনসের বিধিমালায় ম্যাচ অফিশিয়ালদের জন্য যে আচরণবিধি রয়েছে,রেফারি মার্কো আন্তনিও সেটি ভেঙেছেন বলে মনে করছে কনক্যাকাফ কর্তৃপক্ষ। আর তাই শাস্তি দেওয়া হয়েছে মেক্সিকান রেফারিকে। তবে কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানায়নি কনক্যাকাফ কর্তৃপক্ষ। এর আগে কানসাস সিটির চিলড্রেন মার্কি পার্কে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে রাউন্ড ওয়ানের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি। গোলটি করেন মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি মেসি।বলা হচ্ছে, ম্যাচ শেষে মেসির কাছে তাঁর জার্সি চেয়েছেন রেফারি মার্কো আন্তনিও।তীব্র ঠান্ডার ভেতরে মেসি মাঠে জার্সি না খুলে ড্রেসিংরুমে গিয়ে সেটা রেফারির হাতে তুলে দেন।
পরে জানা গেছে, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য মেসির জার্সি নয়,তাঁর অটোগ্রাফ চেয়েছিলেন মার্কো আন্তনিও। আর এতেই তিনি কনক্যাকাফ অফিশিয়ালদের আচরণবিধি ভাঙার অভিযোগের শিকার হয়েছেন।রেফারি ভুল স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনক্যাকাফের শাস্তি মেনে নিয়েছেন।








