
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই সন্দেশখালিতে বিজেপি প্রার্থী রেখা পাত্রর রাজনৈতিক গুরু সুজয় মাস্টার তৃণমূলে যোগ দিয়েছেন। রবিবার সন্দেশখালির ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলের পতাকা হাতে তুলে নিয়েছেন সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল।
সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত-র দাবি নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে যোগ দিয়েছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়। কয়েক মাস আগে ভাইরাল অডিওকাণ্ডে নাম জড়ায় বিদ্যালয়ের শিক্ষক ও সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডলের।
ভাইরাল অডিওয় বিজেপির বিরুদ্ধে সন্দেশখালির মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগ শোনা যায় সুজয় মণ্ডলের গলায়। যদিও সুজয় পরে তা অস্বীকার করেন। এই ঘটনার কয়েক মাসের মধ্যেই সুজয় মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন।
