জেলমুক্তি হল না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের 

0
39
ছবি সৌজন্যে : এক্স
বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সে দেশের হাইকোর্ট। আইনজীবী হত্যা মামলায় এখনও জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ওই মামলার বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে চট্টগ্রামের নিম্ন আদালত। 
চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু এই মামলায় নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে, তাই হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দুই বিচারপতির বেঞ্চে জামিনের মামলার শুনানি ছিল।
আইনজীবী অপূর্ব জানিয়েছেন, আইনজীবী হত্যা মামলার জামিনের আবেদন খারিজ হলেও অন্য চারটি মামলার জামিনের শুনানি হবে সোমবার। আদালতে জামিনের সপক্ষে চিন্ময়কৃষ্ণের অসুস্থতার কথা তুলে ধরা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের শেষের দিকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণকে। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে অসন্তোষ ছড়িয়েছিল। চট্টগ্রাম-সহ একাধিক এলাকায় অশান্তি হয়।