
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যকে দুৰ্ভাগ্যজনক আখ্যা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কিছুদিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীতে জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, তাঁর মনে হয় প্রধানমন্ত্রী স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কথা বলার সময় ভুলে যান। তাঁকে পিছন থেকে মনে করিয়ে দিতে হয়। তিনি নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন। একই ভাবে ভারতের প্রধানমন্ত্রীও স্মৃতিশক্তি হারিয়েছেন। কংগ্রেস নেতার এহেন মন্তব্যের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বহুমুখী। আর সেই সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে পারস্পরিক সম্মান, অঙ্গীকার, একাত্মবোধ ও ঐকান্তিকতার উপরে।
কেন্দ্রীয় সরকার এই ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেই দেখছে। তাঁর মতে এহেন মন্তব্য কখনওই আমেরিকার প্রতি ভারত সরকারের মনোভাবের প্রতিনিধিত্বমূলক নয়।
