
২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ লক্ষেরও বেশি ভারতীয় দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক।
পরিসংখ্যান বলছে, ১৪ বছরে ২০ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্তই এই সংখ্যাটা ৯ লক্ষেরও বেশি। পরিসংখ্যান এ-ও দেখাচ্ছে যে, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। কিন্তু ২০২২ সাল থেকে সংখ্যাটা ২ লক্ষে পৌঁছোয়।
কী কারণে নাগরিকত্ব ত্যাগের হার বাড়ল, তার সুস্পষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি বিদেশ মন্ত্রক। তবে মন্ত্রকের বক্তব্য, ব্যক্তিগত কারণেই অনেকে ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন। এই পরিসংখ্যানের সূত্রে ফের আলোচনা শুরু হয়েছে ব্রেন ড্রেন তত্ত্ব নিয়ে।






