
দেশজুড়ে ইন্ডিগোর বিমানবিভ্রাটের ঘটনায় বিস্তারিত রিপোর্ট পেশ করল চার সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার ডিজিসিএ-র কাছে এই রিপোর্ট জমা দিয়েছে তারা।
এই রিপোর্টের ভিত্তিতেই কি পদক্ষেপ নেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। সূত্রের খবর, বিস্তারিত রিপোর্টটি এখন প্রকাশ্যে আসেনি। বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু আগেই জানিয়েছিলেন, যাঁরা দায়ী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, এই পদক্ষেপ ‘দৃষ্টান্ত স্থাপন করবে। আর্থিক জরিমানার পাশাপাশি ইন্ডিগোর শীর্ষ কর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রী।
তিনি আরও জানিয়েছিলেন, নিয়ন্ত্রক সংস্থার কোনও গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন FDTL নিয়মের দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক পাইলট না থাকায় এই বিপর্যয় ঘটে। যার ফলে ৩ ডিসেম্বর থেকে কয়েক দিন ধরে বহু ফ্লাইট বাতিল হয় ইন্ডিগোর।
