
প্রায় পাঁচ বছর পর চিনা পর্যটকদের ভিসা দেওয়া শুরু করছে ভারত। চলতি বছরের মার্চ থেকে ভারতীয়দের পুনরায় পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে চিন।
এবার ভারতের তরফেও একই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাচক্রে, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুটি পৃথক কর্মসূচিতে চিনে গিয়েছিলেন। সেখানে তাঁদের কথা হয় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও। এর পরেই ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের এই সিদ্ধান্তের পরে চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এটাকে একটি ইতিবাচক পদক্ষে হিসাবেই দেখছে। ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নত করতেও তৈরি চিন।
