
ওসি, আইসির পর এবার এসপি পদে রদবদল করল রাজ্য প্রশাসন। নবান্নর তরফে নির্দেশিকায় ১০ জেলার এসপি পদে রদবদল করার কথা জানানো হয়েছে।
বদলি করা হয়েছে ২১ জন এসপিকেও। বৃহস্পতিবারই আইপ্যাকের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এসপি-র যোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘণ্টার মধ্যে এসপি পদে যে রবদল করা হয়েছে তাতে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্য-র নামও রয়েছে। তাঁকে বাঁকুড়ায় পাঠানো হয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের এসপি কে হবেন তার উল্লেখ নেই। তালিকায় নাম রয়েছে মালদার এসপি প্রদীপ যাদবেরও। তৃণমূল নেতা দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা থেকে ওবায়দুল্লা খান, তৃণমূলের একের পর এক নেতা কর্মী খুনে প্রদীপ যাদবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সেই প্রদীপ যাদবকে উত্তর দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের সুপারের পদে বদলি করা হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ছাড়াও দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পুলিশকর্তাদের নাম রয়েছে। এদিকে বুধবারই ১৭৫ জন পুলিশকর্তাকে বদলি সংক্রান্ত নির্দেশিকা সামনে এসেছিল।
সেই তালিকায় অনুব্রত মণ্ডলের গালি খাওয়া বীরভূমের বোলপুরের আইসি লিটন হালদারের নামও রয়েছে। তাঁকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে।





