ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

0
17
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে।

পদত্যাগপত্রে জন হিলি অভিযোগ করেছেন, ক্রমবর্ধমান বিশ্বজুড়ে হুমকির মুখে ব্রিটেনের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা নিশ্চিত করার বিষয়ে সরকার ও অর্থ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেয়নি।প্রধানমন্ত্রী স্টারমারের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বলেছেন, দেশকে রক্ষার জন্য এই সময়ে যে সম্পদ প্রয়োজন, তা নিশ্চিত করতে সক্ষম হননি এবং অর্থ মন্ত্রণালয় তা দিতে অনিচ্ছুক ছিল।

এদিকে কয়েক মাস ধরে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে ব্যয় সংক্রান্ত মতবিরোধের কারণে সরকারের বহুল প্রত্যাশিত ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান গত বছর থেকে আটকে আছে। একদিকে ইউরোপের নিরাপত্তা রক্ষায় আমেরিকার মনোযোগ কমে আসছে, অন্যদিকে ইরানকে কেন্দ্র করে আমেরিকা-ইসরায়েলের সামরিক সংঘাত ব্রিটেনের সামরিক প্রস্তুতির ঘাটতিও সামনে নিয়ে এসেছে। এই সংঘাতে ব্রিটিশ নৌবাহিনী তাৎক্ষণিকভাবে একটি উন্নত যুদ্ধজাহাজ অঞ্চলে মোতায়েন করতে পারেনি।