
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে কাশ্মীর বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ করিয়েছে ওমর আবদুল্লার সরকার। বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও প্রস্তাব পাশ হয়ে গিয়েছে কাশ্মীর বিধানসভায়।
বুধবার বিধানসভায় উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী প্রস্তাবটি পাশ করেন। ওই প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীর বিধানসভা বিশেষ রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক গ্যারান্টিগুলোর গুরুত্ব আরও একবার স্পষ্ট করে দিতে চায়। এটাই কাশ্মীরবাসীর অধিকার, সংস্কৃতি এবং পরিচিতির পরিচায়ক। এই বিশেষ মর্যাদা যেভাবে প্রত্যাহার করা হয়েছিল, সেটা নিয়ে এই সদন উদ্বিগ্ন। এই প্রস্তাবটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখানো শুরু করেন। এই প্রস্তাবের কপিটি ছিঁড়ে ফেলেন বিজেপি সদস্যরা।
সরকার গঠনের একদিন পরই জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সচেষ্ট হন নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবার তিনি সচেষ্ট ৩৭০ ধারা ফেরানোর দাবিতে।
ছবি সৌজন্যে : এক্স





