
দীর্ঘদিনের উত্তেজনা ও টানাপোড়েন কাটিয়ে অবশেষে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে আমেরিকা ও ভেনেজুয়েলা। এক যৌথ বিবৃতিতে দেশ দু’টি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সম্প্রতি ভেনেজুয়েলা সফর করেন আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম। তার দু’ দিনের এই সফর শেষ হওয়ার পরপরই সম্পর্ক উন্নয়নের এই ঘোষণা এসেছে। মূলত ভেনেজুয়েলার বিশাল খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত করাই ছিল এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক পুনঃস্থাপন হলে ভেনেজুয়েলায় স্থিতিশীলতা বাড়ানো, অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করা এবং রাজনৈতিক সমঝোতা এগিয়ে নিতে দু’ দেশের যৌথ প্রচেষ্টা আরও সহজ হবে। বিবৃতিতে বলা হয়েছে,আমাদের এই সম্পৃক্ততার লক্ষ্য হলো ধাপে ধাপে এমন একটি প্রক্রিয়া এগিয়ে নেওয়া, যার মাধ্যমে ভেনেজুয়েলার জনগণ শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবে। এদিকে,ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা এবং দু’ দেশের জনগণের মধ্যে সহযোগিতার ভিত্তিতে একটি গঠনমূলক সংলাপের নতুন ধাপ শুরু করতে চায়।
এই সম্পর্ক দু’ দেশের জন্যই ইতিবাচক ও লাভজনক হবে বলে তারা আশাবাদী। অন্যদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম,যিনি ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল এনার্জি ডমিন্যান্স কাউন্সিল-এরও প্রধান, তিনি জানিয়েছেন,কারাকাস থেকে তিনি বিশেষ আশ্বাস পেয়েছেন যে ভেনেজুয়েলার বর্তমান সরকার সেখানে বিদেশি খনি কোম্পানিগুলোর বিনিয়োগের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।
