
ফের কি পরীক্ষার নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। এমনই প্রশ্ন তুলে নিট-এ ব্যাপক অনিয়ম-গরমিলের অভিযোগের ভিত্তিতে বুধবারের মধ্যে এনটিএ-র রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত।
বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট-এ যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা মমেনে নিয়েছে সুপ্রিম কোর্টও। তবে পুনরায় নিট চেয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা হয়েছিল, তার প্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া শেষ অস্ত্র। এদিন পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, তিনটি বিষয় প্রকাশ্যে আনতে হবে তাদের। এক, কী ভাবে প্রশ্ন ফাঁস হয়েছে। দুই, কোথায় প্রশ্নফাঁস হয়েছে। তিন, প্রশ্নফাঁস এবং পরীক্ষা হওয়ার মধ্যবর্তী সময় কত। শীর্ষ আদালত এদিন নতুন করে নিট করানোর নির্দেশ না দিলেও ইঙ্গিত দিয়েছে যে, অসদুপায় অবলম্বন করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য ফের পরীক্ষায়র বন্দোবস্ত করা হতে পারে। ইতিমধ্যেই নিট দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কাছে বুধবারের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত।









