
বিশ্বকাপ থেকে মিশরের ছিটকে পড়াটা ছিল হৃদয়ভঙ্গের মতো। আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের মহানাটকীয়তায় ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
রেফারি ও ভিএআরের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে কোয়র্টার ফাইনালে ওঠা না হলেও দেশের মানুষের চোখে মোহাম্মদ সালাহ, মোস্তাফা জিকোরা এখন জাতীয় বীর।নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সেরা অভিযান শেষ করে বীরের বেশে দেশে ফিরে ছাদখোলা বাসে রাজসিক সংবর্ধনা পেয়েছে মিশর দল।আমেরিকা থেকে দেশে ফিরেছে মিশর দল। ফুটবলারদের স্বাগত জানাতে এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক।জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে লেখা ব্যানারে মুখর ছিল পুরো বিমানবন্দর এলাকা। সমর্থকদের অনেকের হাতেই ছিল দলের প্রাণভোমরা ও অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি, যার নিচে লেখা ছিল,ধন্যবাদ।কারো কারো হাতে ছিল প্রধান কোচ হোসাম হাসানের পোস্টার, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপে প্যালেস্টাইনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় কোচকে এভাবে সম্মান জানান সমর্থকেরা।বিমানবন্দর থেকে বের হওয়ার পর মিশর দলকে বরণ করে নেওয়া হয় একটি বিশেষ ছাদখোলা বাসে। সেই বাসে চড়ে তারা নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন এবং রাস্তার দু’ পাশে দাঁড়িয়ে থাকা লাখো ফ্যান-সমর্থকদের অভিবাদনের জবাব দেন। ফুটবলারদের এমন বীরোচিত পারফরম্যান্সে গর্বিত পুরো দেশ।
জানা গেছে, ঐতিহাসিক এই বিশ্বকাপ অভিযানের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বিশেষ সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।উল্লেখ্য,চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পায় মিশর।
