দিল্লিতে রাজস্ব অফিসারের মেয়েকে তার পেঁচিয়ে খুন

0
65
ছবি সৌজন্যে : এক্স

দক্ষিণ-পূর্ব দিল্লির অমর কলোনি এলাকায় এক উচ্চপদস্থ আমলার বাড়িতেই মর্মান্তিক এক হত্যাকাণ্ডে পরিবারের কন্যা সন্তানকে খুন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এক ভারতীয় রাজস্ব আধিকারিকের , আই আর এস-র, ২২ বছর বয়সি মেয়েকে তাঁর বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে । এই ঘটনার পর থেকেই পলাতক বাড়ির প্রাক্তন এক পরিচারক।পুলিশি সূত্রের খবর, ঘটনার সময় ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ফিরে অত্যন্ত সন্দেহজনক অবস্থায় তাঁকে নিথর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় পুলিশ ১৯ বছর বয়সি এক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গেছে, ওই যুবক আগে এই বাড়িতেই পরিচারকের কাজ করত। কিন্তু তার কাজ ও আচরণে অসন্তুষ্ট হয়ে মাসখানেক আগে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল।পুলিশের সন্দেহ, সেই আক্রোশ থেকেই এই অপরাধ ঘটিয়েছে সে।তদন্তকারীরা আরও জানিয়েছেন, বাড়িতে জোর করে ঢোকার কোনও চিহ্ন মেলেনি। অর্থাৎ ঘাতকের কাছে বাড়ির সদর দরজার ডুপ্লিকেট চাবি ছিল অথবা ওই তরুণী নিজেই পরিচিত ভেবে দরজা খুলে দিয়েছিলেন। পুলিশ জানতে পেরেছে, বরখাস্ত হওয়া ওই পরিচারক রাতেই দিল্লিতে ফিরেছিল। সম্ভবত গোপন চাবি দিয়েই সে ফাঁকা বাড়িতে ঢুকে পড়েছিল।দিল্লি পুলিশের একজন পদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় তরুণী একা থাকার সুযোগ নিয়েছিল আততায়ী।প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুনের আগে ওই তরুণীকে যৌন নিগ্রহ করা হয়েছে।

ঘাতক অত্যন্ত ঠান্ডা মাথায় তরুণীর মোবাইল ফোনের চার্জারের তারটিকেই মারণ অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় কন্যা সন্তানকে।