
চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর ষড়যন্ত্র করেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আবারও হেফাজতে নিতে শিয়ালদহ কোর্টে সওয়াল করেছে সিবিআই।
পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী শিয়ালদহ কোর্টে জানিয়েছেন চিকিৎসকের দেহ উদ্ধারের পর একাধিক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলেরয আদালতে কেন্দ্রীয় এজেন্সি আরও দাবি টালা থানা থেকে সিসিক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার হয়েছে। সেগুলো তদন্ত করে দেখা প্রয়োজন। মোবাইল ফোনের কল রেকর্ডের ভিত্তিতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। তবে সিবিআই আদালতে জানিয়েছে আর জি করে এখনও পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি। সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদহ কোর্টে তোলার সময় মঙ্গলবারও ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অভিযুক্তদের কেন এসি গাড়িতে নিয়ে আসা হয়েছে, কেন প্রিজন ভ্যানে করে আনা হয়নি, তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ।









