
চিকিৎসকদের দেহ উদ্ধারের রাতে সঞ্জয় রায়ের সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ আরেক সিভিক ভলান্টিয়ার সৌরভ ভট্টাচার্য। এবার সেই সৌরভের পলিগ্রাফ টেস্ট করছে সিবিআই।
তদন্তে কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছে ৯ অগাস্ট যেদিন ভোরে তরুণী চিকিত্সকের দেহ উদ্ধার হয় সেই রাতে সঞ্জয়ের সঙ্গেই হাসপাতালে ছিলেন সৌরভ। সিসিটিভিতে সেই ছবিও ধরা পড়েছে। সিবিআই সূত্রে খবর সৌরভের এক আত্মীয় আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন। ৮ তারিখ ওই আত্মীয়ের অপারেশন হওয়ার কথা ছিল। তাকে দেখতেই সন্ধে ৬টার দিকে হাসপাতালে যান সৌরভ এবং সঞ্জয়। কিন্তু অপারেশন হতে দেরি হওয়ায় সৌরভকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান সঞ্জয়। এরপর দুজনের একসঙ্গে মদ্যপান করেন। এরপর শোভাবাজার এবং চেতলার দুটো নিষিদ্ধপল্লীতে যান তাঁরা। যদিও রাত ১১টা এবং ৯ তারিখ ঘটনার দিন ভোর ৪টেয় সঞ্জয়ের সঙ্গে দেখা যায়নি সৌরভ ভট্টাচার্যকে। সিসিটিভিতে সেই সময় একাই সঞ্জয়কে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে। সত্যিটা জানতে এবার দুই সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই।
