
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার। সংসদীয় বিধি মেনে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে জগদীপ ধনখড়ের দফতরে হাজির হয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন জহর সরকার।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখি রবিবার সাংসদ পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি।জহর সরকারের ইস্তফার ফলে সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে হয়েছে ১২। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে একটি খালি হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের ১২ জন ছাড়াও রাজ্য থেকে বিজেপির দুই এবং সিপিএম-র একজন রাজ্যসভা সাংসদ রয়েছেন। রবিবার আর জি কর-কাণ্ড নিয়ে দলীয় অবস্থানের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে জহর সরকার লিখেছিলেন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ সবাই দেখছেন, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন।
