
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য।
তিনি ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে প্রাথমিক অনুমান, হার্ট রেট নিয়ন্ত্রণে রাখতে তিনি নিয়মিত কিছু ওষুধ গ্রহণ করতেন।
সন্দেহ করা হচ্ছে, ওষুধের অতিরিক্ত মাত্রা শরীরে বিষক্রিয়া ঘটায়, যার জেরেই মৃত্যু হতে পারে। তাঁর দেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।








