
আর জি করে চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর সুবিচার চেয়ে বিশ্বজুড়ে একজোট প্রবাসী ভারতীয়রা। স্লোগান তুলেছেন, অভয়া তুমি হারবে না, হাল আমরা ছাড়ব না।আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে।
রবিবারও হয়েছে রাত দখল কর্মসূচি। সেই কর্মসূচিতে পা মিলিয়েছে বিশ্বের অন্তত ২৫ দেশের ১৩০টি শহর। আমেরিকার ৬০টি শহরে আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। সেই তালিকায় রয়েছে আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়া-র মতো জায়গা। এছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, সাউথ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউজিল্যান্ডেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ব্রিটেনের বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ কেমব্রিজ, এডিনবরা, লিডস, লেস্টার, ম্যানচেস্টারের মতো শহরে প্রবাসী ভারতীয়েরা প্রতিবাদ জানিয়েছেন। আর জি করের বিচার চেয়ে বিশ্বজুড়ে হাজার হাজার ভারতীয় পথে নেমেছিলেন।
