আর জি কর : আইনজীবী বৃন্দাকে দায়িত্ব নির্যাতিতার পরিবারের

0
215

এবার আর জি করে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের হয়ে মামলা লড়বেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। আগে নির্যাতিতার পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করতেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।কিন্তু গত শুনানি থেকেই আইনজীবী বৃন্দা গ্রোভারকে ওই দায়িত্ব দিয়েছেন নির্যাতিতার পরিবার।

 

১ অক্টোবর সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে আইনজীবী বদলের খবর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ। যদিও ১৭ সেপ্টেম্বরের শুনানিতে হাজির ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তবে সওয়ালের সুযোগ পাননি বলে খবর। সূত্রের খবর, মামলাটি লড়ার জন্য তিনি কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। এর আগে জুনিয়র চিকিৎসকদের হয়ে শীর্ষ আদালতে আইনজীবী গীতা লুথরার বদলে আইনজীবী ইন্দিরা জয়সিংকে দায়িত্ব দেওয়া হয়।আইনজীবী গ্রোভার একাধিক মানবাধিকার মামলায় সুনাম অর্জন করেছেন। মহিলা এবং শিশুদের উপর নির্যাতনের মামলাতেও বিশেষ পরিচিতি রয়েছে বৃন্দা গ্রোভারের। আবার দেশের ধর্ষণ আইন লিঙ্গনিরপেক্ষ নয় দাবি করে লড়াই জারি রেখেছেন ওই আইনজীবী। এছাড়াও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্য আইনজীবী বৃন্দা গ্রোভার। ১৯৮৭ সালে হাসিমপুরা পুলিশ হত্যা মামলা, ২০০৪ সালের ইশরত জাহান মামলায় লড়েছেন। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতে আইনজীবী বৃন্দা গ্রোভারের অবদান রয়েছে।তাঁর মামলাগুলোর মধ্যে আর একটি উল্লেখযোগ্য হল বিলকিস বানো মামলা।