
নবম দিনেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আর জি কর-র প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অন্যদিকে, তার আমলেই হাসপাতালে শুরু হওয়া আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্যের গঠিত সিট।
শনিবার সকালে নিজাম প্যালেসে সিবিআই অফিসে তদন্ত সংক্রান্ত নথিপত্র হস্তান্তর করেছে সিট। আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলারও তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে আর জি করে আর্থিক দুর্নীতি চলেছে বলে অভিযোগ। সেই নিয়ে গত সোমবার রাজ্য সরকারের তরফে একটি সিট গঠন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন আইপিএস প্রণব কুমার। তদন্ত প্রক্রিয়া এক সপ্তাহও যাওয়ার আগেই তদন্তভার সিটের হাত থেকে চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। এবার সিটের হাতে থাকা সব তথ্য সিবিআই দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে সমস্ত নথি তুলে দিয়েছে সিট। শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ। তার কিছু পরে সিবিআই কর্তারাও দফতরে ঢুকেছেন। কেন পর পর নদিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁর কাছ থেকে কী কী তথ্য পাওয়া গিয়েছে, আর কী তথ্যের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা, এখনও তা স্পষ্ট নয়।
