
আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যালেও গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের। বুধবার সকালেই রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন পেরিয়েছে।
সাড়া না মেলায় গণ ইস্তফার পথেই গিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপকরা। একই অবস্থা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও। সেখানকার একের পর চিকিৎসক, অধ্যাপক, ডিপার্টমেন্টাল হেডরা ইস্তফা দিয়েছেন। অনশনস্থলে এসে সই করেছেন। এখনেও প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। অনশন নিয়ে সরকারি উদাসীনতায় অসন্তোষ বাড়ছে সিনিয়র চিকিৎসকদের মধ্যে। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনের মধ্যেই মঙ্গলবার আর জি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। ১০ দফা দাবিতে ৭ জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন ধর্মতলায়। তাঁকে সমর্থন জানিয়ে বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালের কর্মরত সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দিয়েছেন। ধর্মতলায় অনশনকারীদের পাশেও প্রতীকী অনশনে বসতে দেখা গিয়েছে সিনিয়রদের।








