
মহিলাদের নিরাপত্তা দেওয়ার বদলে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। আর জি কর-কাণ্ডে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
এই মুহূর্তে আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। এই আবহে ফের এক্স বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কলকাতা, বিহার, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে মহিলাদের উপর যে নৃশংস ঘটনা ঘটেছে গোটা দেশকে তা নাড়িয়ে দিয়েছে। এই সময়ে দেশের নারী সমাজ প্রচণ্ড ক্ষুব্ধ ও দুঃখে ডুবে রয়েছে। যেখানেই এই ধরনের ঘটনা ঘটছে, মহিলারা দেখতে পাচ্ছেন সেখানকার সরকার কী করছে। সরকারগুলির বক্তব্য এবং পদক্ষেপ কতটা গুরুত্ব দিয়ে করা হচ্ছে। যেখানে সরকারগুলির উচিত কঠোর ভাষায় বার্তা দেওয়া, সেখানে মহিলাদের নিরাপত্তা দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ও আশ্বাসের বদলে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হয়েছে।প্রিয়াঙ্কা গান্ধীর কথায়, মহিলাদের উপর একের পর এক ঘৃণ্য-জঘন্য অপরাধের পরেও অভিযুক্তদের রাজনৈতিক আশ্রয় দেওয়া এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের জামিন কিংবা প্যারোলে মুক্তিদান মহিলাদের মন ভেঙে দেয়। আশাহত করে তাদের।সরকারের পরিসংখ্যানই বলছে, দেশে প্রতিদিন ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটে। সেই সরকারের কাছ থেকে মহিলারা কী ধরনের নিরাপত্তা প্রত্যাশা করেন।তাদের কাছেই বা সুরক্ষা নিয়ে কী বার্তা দেবে সরকার।
