
বিজেপির প্রার্থী হওয়ার আভাস নিজেই দিয়েছেন অভয়ার মা। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভয়ার মা। পানিহাটি কেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে নাম থাকতে পারে আর জি করের নিহত চিকিৎসকের মায়ের।
দীর্ঘ দেড় বছর ধরে মেয়ের বিচার চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অভয়ার বাবা-মা। অভয়ার মা জানিয়েছেন মেয়ের বিচারের দাবি তো রয়েইছে। মূলত তিনি প্রার্থী হতে চান নারীসুরক্ষার কথা ভেবে। পশ্চিমবঙ্গে কোনও মেয়ে কোনও মহিলা সুরক্ষিত নন। তৃণমূল যেভাবে রাজ্য চালাচ্ছে, তাতে প্রতিটি দফতর চোর, দুর্নীতিবাজ ভরে গিয়েছে। এরই প্রতিবাদের জন্যই তিনি বিজেপির প্রার্থী হতে চান। পাশাপাশি রাজ্যের বেহাল স্বাস্থ্য এবং শিক্ষাব্যবস্থার উন্নতির বিষয়টিও রয়েছে। রাজ্য থেকে তৃণমূলের মূল মুছে ফেলতেই তাঁর সিদ্ধান্ত বলে জানিয়েছেন। এদিকে অভয়ার বাবা বামেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর কথায় বামেদের জন্যই ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল। এবং যে আন্দোলন তাঁরা করেছে তা দলের স্বার্থেই করেছে বলে অভিযোগ করেছেন অভয়ার বাবা। এবার পানিহাটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন তীর্থঙ্কর ঘোষ।
যিনি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে। এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওঠেছিল।









