
একা সঞ্জয় রায় কেন, পিছনে যাঁরা জড়িত তাঁরা কোথায় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা-মা। আর জি করকাণ্ডে শিয়ালদহ কোর্টের নির্দেশ শোনার পর নির্যাতিতার বাবা-মা বলেছেন সিবিআই প্রমাণ করতে পারেনি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা।
তাই এই রায় হয়েছে। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সৃজয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজায় চূড়ান্ত হতাশ নির্যাতিতার বাবা মা। কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ঘটনায় ১৭ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। আদালতের রায় শোনার পরেই নিজেদের হতাশা প্রকাশ করে নিহত চিকিৎসকের বাবা-মা বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন তাঁরা ক্ষতিপূরণ নয়, মেয়ের বিচার চান। টাকা নিয়ে কী করবেন। এই উত্তরে বিচারক জানিয়েছেন তিনি জানেন তাঁরা ক্ষতিপূরণ চান না, কিন্তু আইনে যা বলা হয়েছে সেই মত এই ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই টাকা নিয়ে কী করবেন সেটা পরিবারের ব্যাপার।
যেহেতু সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তাই আইন অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে। তবে প্রথম দিন থেকেই মেয়ের ধর্ষণ খুনের ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছিল নিহত চিকিৎসকের বাবা-মা। রবিবার রায়ের আগে নির্যাতিতার বাবা-মা দাবি করেছিলেন শুধু সঞ্জয় রায় নয়, ঘটনায় অন্তত ৫০ জন থাকতে পারে।





