
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে এবার বিশ্বের নানা প্রান্তে পথে নামছে মানুষ। রবিবার আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী-সহ একাধিক শহরে গ্লোবাল প্রোটেস্ট নামে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
কোনও কোনও জায়গায় মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে যে হলুদরঙা পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে রোমান হরফে লেখা হয়েছে, বিশ্ব জুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর। আপাত ভাবে এই বিক্ষোভ কর্মসূচির কোনও উদ্যোক্তা নেই। মূলত বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাঙালিরাই এই নাগরিক প্রতিবাদের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। পোস্টার অনুযায়ী আমেরিকার আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, বস্টন, ডালাস, নিউ ইয়র্ক-সহ অন্তত ৭০টি শহরে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে শামিল হবেন মানুষ। ব্রিটেনের রাজধানী লন্ডন ছাড়়াও প্রতিবাদ কর্মসূচি হবে ম্যাঞ্চেস্টার, লিভারপুর, ল্যাঙ্কাশায়ারে। ফ্রান্সের রাজধানী প্যারিস, জার্মানির রাজধানী বার্লিন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, স্পেনের রাজধানী মাদ্রিদেও প্রতিবাদে শামিল হবেন সাধারণ মানুষ। ব্রাজিলের সাও পাওলো, জাপানের রাজধানী টোকিয়ো, তাইওয়ানের তাইপেই, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, ব্রিসবেন এবং সিঙ্গাপুর শহরেও।









