
নয়াদিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে প্রবীণ কূটনীতিবিদ হিসাবে রিয়াজ হামিদুল্লাকে। যার ফলে প্রায় পাঁচ মাস বাদে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস নতুন শীর্ষ কর্তা পেতে চলেছে।
খুব শিগগিরই রিয়াজ হামিদুল্লাহ ওই পদে যোগ দিতে যাচ্ছেন। শেখ হাসিনা জমানার অবসানের পরেই নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরার জন্য নির্দেশ দেয় মহম্মদ ইউনূসের সরকার। ১ অক্টোবর এক নির্দেশে তাঁকে দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের পরেই ঢাকায় ফিরে আসেন দুদে কূটনীতিবিদ মোস্তাফিজুর রহমান। তার পর থেকেই ওই পদ ফাঁকা রয়েছে। ২৭ নভেম্বর মোস্তাফিজুর রহমানের জায়গায় আর এক দুদে কূটনীতিবিদ রিয়াজ হামিদুল্লাহকে নিয়োগ করার কথা জানিয়ে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের কাছে এগ্রিমো পাঠায় বাংলাদেশ বিদেশ মন্ত্রক। কিন্তু আড়াই মাসের বেশি সময় ধরে ওই এগ্রিমো নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি দিল্লি। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।
সূত্রের খবর, ওই বৈঠকেই রিয়াজ হামিদুল্লাহকে নয়াদিল্লিতে রাষ্ট্রদূত হিসাবে মেনে নেওয়ার অনুরোধ জানান বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। আর বিদেশ উপদেষ্টার ওই যুক্তি মেনে নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।





