অঘ্রাণের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ‘ভিলেন’ ঘূর্ণাবর্ত

0
152
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অঘ্রাণের শুরুতে ঘূর্ণাবর্তের বঙ্গে তাপমাত্রার পারদ ফের ঊর্ধমুখী। বাতাসে যেটুকু শীতলতার আভাস ছিল, চলতি সপ্তাহ থেকে তা উধাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আপাতত কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
যা সোমবারও ছিল ১৭ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা এমনই থাকবে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকলেও মূলত পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া। ভোর এবং বেশি রাতের দিকে ঠান্ডা কিছুটা অনুভূত হবে। হাওয়া অফিস সূত্রে আরও খবর, শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়া। দক্ষিণবঙ্গে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়া ফলা। যার জেরে তাপমাত্রার পারদ চড়ছে।
আগামী দু-তিনদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা এই সময়ে সাধারণত যেমন থাকে, সেই তুলনায় এবছর তাপমাত্রা খানিকটা বেশি। আগামী কয়েকদিন এরকমই থাকবে সেখানকার পরিবেশ। তবে কুয়াশায় ঘেরা থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।