পশ্চিমবঙ্গে গুন্ডাগিরি করছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রেশ টেনেই লালুপ্রসাদ যাদবের পুত্র বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে গুন্ডামি করছে। দোকানবাজার থেকে জিনিসপত্র বার করতে টানাহেঁচড়া করছে। শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বিজেপি নিয়মিতভাবে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্যের মানুষ এই ফাঁদে পা দেবেন না। তেজস্বী যাদবের আরও অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। তখন তারা চুপ কেন থাকে। অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, তেজস্বী যাদবের এই মন্তব্যের পাল্টা কোনও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না তিনি।









