
বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল রাজ্যের ১৩৫টি আসনে লড়বে, আর কংগ্রেস লড়বে ৬১টি আসনে। ২৪৩ আসনের এই রাজ্যে বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট ও মুকেশ সহনির বিকাশশীল ইনসান পার্টি।
বামফ্রন্টের তিন শরিক সিপিআই-এমএল, সিপিআই ও সিপিএম পাবে মোট ২৯ থেকে ৩১টি আসন, আর ভিআইপি পাবে ১৬টি। তবে আসন বণ্টনের থেকেও বড় সিদ্ধান্ত ছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মতৈক্য। সূত্রের খবর, অবশেষে তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে সম্মত হয়েছে মহাজোটের সব শরিক দল। কংগ্রেসের প্রথমে দাবি ছিল ৭০টিরও বেশি আসন, যার মধ্যে বেশ কিছু নিশ্চিত জয়ের আসন চেয়েছিল তারা।
তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদে সমর্থনের বদলে কংগ্রেস আসনের সংখ্যা কিছুটা ছাড় দিয়েছে বলেই সূত্রের খবর। আলোচনায় নতুন জট তৈরি করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টি-র যোগদান। ঝাড়খণ্ডে আরজেডি-কংগ্রেস সরকারে অংশীদার হওয়ায় জেএমএম-কে একটি আসন দেবে আরজেডি, আর আইআইপি-কে একটি আসন ছেড়ে দেবে কংগ্রেস, এমনটাই ঠিক হয়েছে।





