
ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের আগে আসন সমঝোতায় সন্তুষ্ট নয় আরজেডি। প্রয়োজনে ইন্ডিয়া জোটের শিবিরগুলির সঙ্গ ছাড়াই নির্বাচনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আরজেডি নেতা মনোজ ঝাঁ।
আরজেডির দাবি, ঝাড়খণ্ডে অন্তত ১৮-২০টি আসনে দলের যথেষ্ট শক্তি রয়েছে। সেক্ষেত্রে জোটের জন্য অন্তত ১২-১৩টির কম আসন কখনও মেনে নেওয়া যায় না। এ কথা জানিয়েছেন মনোজ ঝাঁ। প্রয়োজনে একা লড়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। মনোজ ঝাঁয়ের কথায়, বিজেপিকে পরাস্ত করাই তাদের একমাত্র লক্ষ্য। ইন্ডিয়া জোটে জন্য কোনও অন্তর্ঘাত হবে না। যদি আরজেডি ঝাড়খণ্ডের ভোটে একাও লড়ে, তাও ইন্ডিয়া শিবিরের প্রার্থীদের জন্য ৬০-৬২টি আসন ছেড়ে রাখবে।
যদিও কতগুলি আসন শেষ পর্যন্ত ছাড়া হবে আরজেডিকে, সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে কংগ্রেস ও জেএমএম মিলিত ভাবে ৭০ আসনে লড়বে বলে জানিয়েছেন তিনি।
ছবি সৌজন্যে : এক্স
