
মুম্বইয়ে কর্মরত ছেলেকে বিমানে তুলতে যাওয়ার পথে পূর্ব বর্ধমানের জোতরামে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা-বাবা ও ছেলের। জানা গিয়েছে ছেলে মুম্বইয়ে কর্মরত।
বৃহস্পতিবার সকালে তাঁর ফ্লাইট ছিল। সেজন্য দুর্গাপুর থেকে গাড়িতে করে কলকাতায় এয়ারপোর্টে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তখনই ১৯ নম্বর জাতীয় সড়কের জোতরাম এলাকায় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। ট্যাঙ্কারের পিছনের দিকে একটি লোহার অংশ গাড়ির সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় ট্যাঙ্কারটি গাড়িটিকে ওইভাবে কিছুটা নিয়ে যায়। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বাসিন্দা ৫৫ বছরের শেখ মহম্মদ মুরশেদ, বছর ৫১-র রুজিনা খাতুন এবং তাঁদের ২৭ বছরের ছেলে শেখ শাহনওয়াজের।
দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ি চালকের। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।








