
দুর্গা প্রতিমা আনতে গিয়ে হুগলির পোলবায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন।
মৃতদের নাম, ভাস্কর দেবধারা, প্রীতম চক্রবর্তী ও স্বপন দে। জানা যাচ্ছে চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলো পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা। শঙ্করবাটি হাই স্কুলে দুর্গা পুজো হয়। শুক্রবার মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রীজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। চারজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়। একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।
বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করবাটি গ্রামে।
